চট্টগ্রামে তিন ভুয়া সাংবাদিককে পিটিয়ে পুলিশে দিল জনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে তিন ভুয়া সাংবাদিককে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। গত সোমবার রাতে নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তিন ব্যক্তি হলেন রবিউল ইসলাম, আবু হাসান ও মাহফুজুর রহমান। তাঁরা আপন ভাই।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ বড়ুয়া প্রথম আলোকে বলেন, সরাইপাড়া এলাকায় ঢাকা বেকারিতে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে থাকেন তিন যুবক। তাঁরা বেকারিতে নষ্ট পণ্য আছে দাবি করে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে সংবাদ প্রকাশ করা হবে বলে হুমকি দেন। তাঁরা নিজেদের একটি অনলাইন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দেন। পরে স্থানীয় লোকজন ওই সংবাদমাধ্যমে যোগাযোগ করে নিশ্চিত হন ওই তিন যুবক সাংবাদিক নন।

পরে তাঁরা ওই তিনজনকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পাহাড়তলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এ ঘটনায় ওই তিন ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন ব্যক্তির বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।