চট্টগ্রামে তিন লাখ আশি হাজার ইয়াবা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় ইউনিয়ন রায়পুর থেকে তিন লাখ আশি হাজার ইয়াবা বড়ি জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার ভোর পৌনে পাঁচটায় ইউনিয়নের সাত্তার মাঝির ঘাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য উনিশ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। তবে এই ঘটনায় পাচারকারী চক্রের কাউকে আটক করা যায়নি।

কোস্টগার্ড সূত্র জানায়, মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে এসে শনিবার রাতে গভীর সমুদ্রে একটি নৌকা অপেক্ষা করে। ওই নৌকা থেকে ইয়াবা আনার জন্য আনোয়ারা উপকূল থেকে আরেকটি নৌকা সেখানে পৌঁছে। এ সংবাদ পেয়ে লেফটেন্যান্ট হাশেমের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল ওই নৌকা আটকের জন্য অভিযান চালান এবং পাচারকারী চক্রের ওই নৌকার গতি কমানোর সংকেত দেন। কিন্তু পাচারকারীরা সংকেত না মেনে পালিয়ে যেতে চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে পাচারকারীরা সাত্তার মাঝির ঘাট এলাকায় নৌকা ভিড়িয়ে ইয়াবা ফেলে পালিয়ে যায়।

কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডারের পক্ষে স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট এম নূরুজ্জামান শেখ প্রথম আলোকে জানান, জব্দকৃত তিন বস্তা ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। তবে এ অভিযানে কাউকে আটক করা যায়নি।