চট্টগ্রামে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামে গাজী গ্রুপের এক কর্মকর্তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে নগরের হালিশহর ছোটপুল এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার গাজী গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গাজী রাবার প্ল্যানটেশনের হিসাবরক্ষক মো. ইছহাক বলেন, হালিশহরের কে ব্লকের এসি মসজিদ এলাকায় গাজী গ্রুপের চট্টগ্রাম কার্যালয় থেকে তিন লাখ টাকা নিয়ে তিনি আগ্রাবাদের সোনালী ব্যাংকে জমা দিতে যান। তিনি ছোটপুল এলাকায় পৌঁছানোর পর একটি অটোরিকশা তাঁর রিকশার গতিরোধ করে। অটোরিকশা থেকে তিন ছিনতাইকারী নেমে তাঁর হাতে টাকাভর্তি প্যাকেটটি ছিনিয়ে নেয়। তিনি বাধা দিতে চাইলে তাঁকে গুলি করার হুমকি দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় গাজী গ্রুপের চট্টগ্রামের কর্মকর্তা হাবিবুল আলম বাদী হয়ে গতকাল বিকেলে হালিশহর থানায় মামলা করেছেন।
হালিশহর থানার ওসি এহসান উদ্দিন বলেন, যে সময়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, ওই সময় ছোটপুল এলাকায় পুলিশের টহল ছিল। স্থানীয় লোকজনও ছিনতাইয়ের ঘটনা জানেন না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে ছিনতাইয়ের শিকার মো. ইছহাক দাবি করেন, ছিনতাইকারীরা গুলি করার হুমকি দেওয়ায় তিনি কোনো চিৎকার করেননি।