চট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন
জামায়াতের ডাকা গতকাল সোমবারের হরতালে চট্টগ্রামের ২ নম্বর গেট এলাকায় তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাড়ি তিনটি কাছাকাছি দূরত্বে রাস্তার পাশে পার্ক করা ছিল। ভেতরে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। নাশকতার এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, গতকাল সকাল আটটার দিকে জামায়াতের কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিল থেকে ২ নম্বর গেট-সংলগ্ন মেয়র গলি এলাকায় রাস্তার পাশে পাথরবোঝাই ট্রাক, প্রাইভেট কার ও মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার এস এম তানভীর আরাফাত বলেন, তিনটি গাড়িতে আগুন দেওয়া ছাড়া নগরে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে গণপরিবহনসহ ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক ছিল।