চট্টগ্রামে দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ-পথ্য সরবরাহের জন্য জমা দেওয়া কয়েকটি দরপত্র ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে সেই দরপত্র বাতিল ঘোষণা করা হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে কে সি দে সড়কে অবস্থিত বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কার্যালয়ের সামনে রাখা বাক্সের তালা ভেঙে কয়েকজন যুবক পাঁচ-ছয়টি দরপত্র ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে যুবকদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ওই যুবকেরা যুবলীগের বহিষ্কৃত নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরের অনুসারী।
প্রায় আড়াই কোটি টাকার ওষুধ-পথ্য সরবরাহের জন্য এই দরপত্র আহ্বান করা হয়। শিডিউল বিক্রি হয় ৬৯টি।
দরপত্র ছিনতাইয়ের পর সেগুলো বাতিল করেন সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘দরপত্র জমা নিতে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর, আমার কার্যালয় ও কোতোয়ালি থানায় তিনটি বাক্স রাখা হয়। তার মধ্যে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সামনে থাকা বাক্সের তালা ভেঙে পাঁচ-ছয়টি দরপত্র ছিনিয়ে নেয় ১০-১২ যুবক। আমরা ওই দরপত্র বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের প্রস্তুতি নিচ্ছি।’
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) উৎপল বড়ুয়া বলেন, ‘দরপত্র ছিনতাই হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কিন্তু তার আগেই যুবকেরা পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, সে ব্যাপারে সিভিল সার্জন কার্যালয় থেকে নির্দিষ্ট করে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’
এ ব্যাপারে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করে হেলাল আকবর চৌধুরীকে পাওয়া যায়নি।