চট্টগ্রামে দিনদুপুরে ১১ লাখ টাকা ছিনতাই
ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় দিনদুপুরে এক দোকান কর্মচারীর কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রামের কোতোয়ালি থানার আমানত শাহ মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে। সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছিনতাই হওয়া টাকা উদ্ধার কিংবা এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, কাজীর দেউড়ি এলাকার একটি টাইলসের দোকানের কর্মচারী মো. মহিউদ্দিন ১০ লাখ ৮৫ হাজার টাকা নিয়ে শাহ আমানত মার্কেটে আইএফআইসি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। শাহ আমানত মার্কেটের সামনে পৌঁছানোর পর তিন-চারজন যুবক মহিউদ্দিনকে মারধর করে তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় ছিনতাই মামলা করেছেন।
এসআই বলেন, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ছিনতাইকারীরা দোকান কর্মচারীর পূর্বপরিচিত হতে পারে। এ নিয়ে তদন্ত চলছে।
তবে ছিনতাইয়ের শিকার দোকান কর্মচারী মহিউদ্দিন সাংবাদিকদের জানান, তাঁকে কয়েকজন যুবক অনুসরণ করছিল। কিছু বুঝে ওঠার আগেই কিলঘুষি মেরে টাকার ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।