চট্টগ্রামে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজের এক ছাত্রকে মারধরের জের ধরে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ ও অধ্যক্ষের গাড়ি ভাঙচুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নগরের জাকির হোসেন সড়কে কলেজ দুটি পাশাপাশি অবস্থিত।
মারধরের শিকার এমইএস কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র নূর উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্র গতকাল দুপুরে ওমরগণি এমইএস কলেজের এক ছাত্রকে মারধর করেন। এরপর ওমরগণি এমইএস কলেজের কিছু ছাত্র পাশের ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে কয়েকটি শ্রেণিকক্ষের জানালা এবং অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোসলেহ উদ্দিন ভূঁইয়ার গাড়ির কাচ ভাঙচুর করেন।
এ বিষয়ে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রেজা প্রথম আলোকে বলেন, ওমরগণি এমইএস কলেজের প্রায় ২০ জন ছাত্র লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করে। তাঁরা অধ্যক্ষের গাড়ি, অন্তত চারটি শ্রেণিকক্ষের জানালা ও ফুলের টব ভাঙচুর করেন।
ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার কলেজের ভেতরে কোনো সমস্যা হয়নি। বাইরে ছাত্রদের মধ্যে মারামারি হয়েছে শুনেছি। আর ইস্পাহানী কলেজে হামলাকারী আমাদের কলেজের শিক্ষার্থী কি না নিশ্চিত নই।’