চট্টগ্রাম নগরের নয়াবাজার এলাকা থেকে দুটি কাভার্ড ভ্যানবোঝাই বৈদ্যুতিক পাখা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। শর্ত ভেঙে খোলাবাজারে বিক্রি করায় এসব পণ্য জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন গতকাল বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, শুল্কমুক্ত সুবিধায় বৈদ্যুতিক পাখার সরঞ্জাম আমদানি করেছিল চট্টগ্রামের পটিয়ায় গোল্ডেন সান লিমিটেড নামের একটি কারখানা। এসব সরঞ্জাম দিয়ে তৈরি করা বৈদ্যুতিক পাখা রপ্তানি করার বাধ্যকতা ছিল। কিন্তু তা না করেই দুটি কাভার্ডভ্যানে প্রায় দুই কোটি টাকার বৈদ্যুতিক পাখা খোলাবাজারে বিক্রি করে দেয় প্রতিষ্ঠানটি। খোলাবাজারে বিক্রি করে আমদানি পর্যায়ে শুল্ক ও ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর আগে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গত বছরের ১৬ নভেম্বর নগরের বারিক বিল্ডিং মোড়ে একই প্রতিষ্ঠানের ৯৬৩টি বৈদ্যুতিক পাখা জব্দ করেছিলেন। সে সময় বগুড়ায় এক ব্যক্তির কাছে এসব পণ্য বিক্রি করেছিল প্রতিষ্ঠানটি। খোলাবাজারে বিক্রির জন্য প্রতিষ্ঠানটিকে জরিমানাও করেছিল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গতকাল যে দুটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়, সেগুলো থেকে বৈদ্যুতিক পাখা বিক্রির দুটি রসিদ জব্দ করেন কর্মকর্তারা। ওই রসিদে এসব পণ্য সিলেট ও সাতক্ষীরার দুই ব্যক্তির কাছে বিক্রি করা হয় বলে উল্লেখ আছে। কাভার্ড ভ্যানের চালকেরা অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে স্বীকার করেন, এসব বৈদ্যুতিক পাখা পটিয়ায় গোল্ডেন সান লিমিটেড থেকে বের করা হয়েছিল।
শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, বাণিজ্যিক ভিত্তিতে বৈদ্যুতিক পাখা আমদানির জন্য মোট ১২৯ দশমিক ৫৮ শতাংশ শুল্ককর দিতে হয়। প্রতিষ্ঠানটি খোলাবাজারে বিক্রি করায় বাণিজ্যিক আমদানিকারকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
গোল্ডেন সান লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালক বেলাল আহমেদ দেশের বাইরে থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ ও তাইওয়ানের যৌথ বিনিয়োগে এ কারখানাটি স্থাপন করা হয়। এটি পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান।