চট্টগ্রামে দুই পক্ষে সংঘর্ষে তরুণ নিহত
চট্টগ্রামের হালিশহর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মাহমুদুর রহমান মান্না (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন নাছির ও রুবেল।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, তুচ্ছ ঘটনায় এলাকার জ্যেষ্ঠ ও কনিষ্ঠ ছেলেদের মধ্যে শনিবার কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে আজ রাত নয়টার দিকে হালিশহর গাউছিয়া মাঠ এলাকায় দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষের কিরিচের আঘাতে মান্নার মৃত্যু হয়। সংঘর্ষে জড়িয়ে পড়া তরুণেরা কোনো রাজনৈতিক দলের কর্মী নন।
এ ঘটনায় দুজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান কবীর। তিনি জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, হাসপাতালে আনার পথে মান্নার মৃত্যু হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।