চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম হাশেম খান (৩৫)। তিনি সাউন্ড সিস্টেমের কাজ করেন। আজ বুধবার দুপুরে নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সড়ক ও জনপথ ভবনের সামনে এ ঘটনা ঘটেছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন (ওসি) প্রথম আলোকে বলেন, সড়ক ও জনপথ ভবনের সামনের রাস্তায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার একদল যুবক উচ্চ শব্দে গান বাজিয়ে মোটরসাইকেল শো করছিলেন। তখন রিকশা আরোহী তিনজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছুরিকাঘাতে হাশেম আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। হাশেমের শরীরে ছুরিকাঘাত ও রিকশার পাতের আঘাতের চিহ্ন রয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও চারজন আহত হয়েছেন।

ওসি মহসীন আরও বলেন, উভয়পক্ষের সংঘর্ষে ঘটনাস্থল থেকে ২৪ জনকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িত কারা, তা যাচাই-বাছাই করা হচ্ছে। কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।