চট্টগ্রামে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০২ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দুই সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই হওয়া সোনার মধ্যে ৯০ ভরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চট্টগ্রামের এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান ও কনস্টেবল খান এ আলম এবং আল আমিন নামের এক ব্যক্তি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, গত সোমবার চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকা থেকে ছিনতাইকারী আল আমিনকে দুটি মুঠোফোনসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ১২০ ভরি সোনা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ সময় ওই ছিনতাইকারী বলেন, সোনা ছিনতাইয়ের সঙ্গে পুলিশের দুই সদস্যও জড়িত। এরপর পুলিশের ওই দুই সদস্যকে ডেকে পাঠানো হয়। তাঁরাও ঘটনার দায় স্বীকার করেন।
ওসি জানান, গতকাল মঙ্গলবার আল আমিনের ইপিজেড এলাকার বাসা থেকে ৫২ ভরি ও মিজানুর রহমানের লালখান বাজারের বাসা থেকে ২৬ ভরি সোনা উদ্ধার করে পুলিশ। এ ছাড়া খান এ আলমের চকবাজারের বাসা থেকে ১২ ভরি সোনা উদ্ধার করা হয়। এরপর ওই তিনজনকে সোনা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। তিনি জানান, ছিনতাই হওয়া বাকি সোনা তাঁরা এরই মধ্যে বিক্রি করে দিয়েছেন।
গত ২১ সেপ্টেম্বর নগরের হাজারী গলির লরিন জুয়েলার্সের মালিক দোলন বিশ্বাসের ১০২ ভরি সোনা ছিনতাই হয়। ওই ছিনতাইয়ের ঘটনায় ২২ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা তিন ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা করেন।
গত ২৫ নভেম্বর প্রথম আলোতে ‘সোনা ছিনতাইয়ে পুলিশ কর্মকর্তা!’ শিরোনামের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।