চট্টগ্রামে দুই ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
চট্টগ্রামে অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ব্যাংক এশিয়া লিমিটেডের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেলে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যাংক কর্মকর্তা হলেন মোহাম্মদ হোসনেজ্জামান ও মোহাম্মদ মিজানুর রহমান। হোসনেজ্জামান ব্যাংক এশিয়ার সিডিএ অ্যাভিনিউ শাখার প্রধান এবং মিজানুর রহমান ব্যাংকের ভাটিয়ারী শাখার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি মামলা করা হয়।
দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হোসনেজ্জামান ও মিজানুর রহমান ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে প্রতারণার আশ্রয় নিয়ে শাহ আমানত আয়রন মার্ট ও আল-মদিনা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ গিয়াসউদ্দিনকে ঋণপত্র খুলে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা আত্মসাতে সহযোগিতা করেন। মো. গিয়াসউদ্দিন পলাতক রয়েছেন। গ্রেপ্তার হওয়া দুই কর্মকর্তা তখন ব্যাংক এশিয়ার ভাটিয়ারী শাখায় কর্মরত ছিলেন।
দুদকের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক এম এইচ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রতারণা ও অর্থ আত্মসাতের এই মামলায় আসামিদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।