
টাকা চুরির অভিযোগে চট্টগ্রাম নগরের ফিশারি ঘাটে (মাছের পাইকারি বাজার) গতকাল বুধবার দুই শিশুকে লাঠি দিয়ে পেটানো হয়েছে। একটি পিলারের সঙ্গে বেঁধে দীর্ঘ সময় দুই শিশুকে নির্যাতন করা হলেও তাদের রক্ষায় কেউ এগিয়ে আসেনি। পরে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দুটি শিশুই ফিশারি ঘাটে কুলির কাজ করে। দুজনেরই বাড়ি বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায়।
ফিশারি ঘাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কক্সবাজার থেকে মাছ কিনতে আসা মো. মহিউদ্দিন নামের এক ব্যক্তির ৮৫ হাজার টাকা গতকাল সকালে বাজারের ভেতরে চুরি হয়েছে। তিনিই দুই শিশুকে ধরে আনেন। পরে দুজনকে একটি পিলারের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর মহিউদ্দিন, বরফের দোকানের কর্মচারী লিটনসহ কয়েকজন মিলে দুই শিশুকে মারধর করেন।
গতকাল সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুই শিশুকে একটি পিলারের সঙ্গে বেঁধে চড়-থাপ্পড় মারছেন কয়েকজন। এ সময় বাজারের এক দারোয়ান এসে লাঠি দিয়ে পেটান। দুই শিশুর মা ঘটনাস্থলে ছুটে এসে দুজনকে ছেড়ে দেওয়ার আকুতি জানান। কিন্তু কেউ না কেউ এসে একটু পরপর দুই শিশুকে চড়-থাপ্পড় মারতে থাকে। দুই শিশুকে বেঁধে রাখার ছবি তোলার সময় দারোয়ান ও এতক্ষণ ধরে যাঁরা মারধর করছিলেন, তাঁরা সরে পড়েন। পরে দুজনকে একটি বরফের দোকানের ভেতরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশের একটি দল এসে তাদের উদ্ধার করে।
এক শিশুর মা বলেন, ‘আমার ছেলে টাকা চুরি করেনি। যেখান থেকে টাকা চুরি হয়েছে, সেখানে সে ছিল বলে তাকে মারছে।’ শিশুটিও বলে, সে টাকা চুরি করেনি।
টাকা চুরির বিষয়টি পুলিশকে না জানিয়ে কেন দুই শিশুকে মারা হয়েছে জানতে চাইলে মহিউদ্দিন বলেন, ‘তারা জানে টাকা কারা নিয়েছে। ওদের এখানে আনার জন্য দুজনকে বেঁধে রেখেছি।’
মো. মহিউদ্দিনের দাবি, গতকাল সকাল ছয়টার দিকে ফিশারি ঘাট মসজিদের সামনে পিকআপ থেকে নামার সময় তাঁর লুঙ্গির গোঁজের মধ্যে থাকা কিছু টাকা পড়ে যায়। সেখানে থাকা কয়েকটি শিশু টাকা পড়ে গেছে বলে জানালে তিনি প্রথমে পাত্তা দেননি। পরে দেখেন টাকাগুলো কুড়িয়ে নিয়ে কয়েকটি শিশু দৌড়ে পালিয়ে যাচ্ছে। পরে মসজিদের সামনে থেকে তিনি দুই শিশুকে ধরে আনেন।
তবে টাকার পরিমাণ সম্পর্কে মহিউদ্দিন একেক জনের কাছে একেক রকম তথ্য দেন। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, ৮৫ হাজার টাকা ছিল। আবার স্থানীয় কিছু ব্যবসায়ীর কাছে মহিউদ্দিন ৬৫ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি করেন। আবার পুলিশের কাছে ৮৫ হাজার টাকা চুরির কথা জানান।
নির্যাতনের শিকার এক শিশু জানায়, টাকাগুলো অন্য দুই-তিনটা ছেলে নিয়ে গেছে।
জানতে চাইলে ফিশারি ঘাট সোনালী যান্ত্রিক মৎস্য শিল্প সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ওরফে বাবুল সরকার বলেন, ঘটনাটি বাজারের নয়। এটি বাইরের ঘটনা। এর বেশি কিছু তিনি মন্তব্য করতে চাননি।
যে বরফের দোকানে শিশু দুটিকে বেঁধে রাখা হয়, সেই দোকানের মালিক মো. আলী বলেন, ‘দুই টোকাইকে এনে এখানে বেঁধে রাখা হয়। কিন্তু ঘটনা এখানকার নয়। কার নাকি টাকা নিয়ে কিছু বাচ্চা নাকি পালিয়ে গেছে।’
জানতে চাইলে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ বলেন, ‘ব্যবসায়ীর টাকা রাস্তায় পড়ার পর কিছু টোকাই টাকা নিয়ে পালিয়ে যায়। পরে দুজনকে বেঁধে রাখে ব্যবসায়ীরা। আমরা টাকা উদ্ধার করার চেষ্টা করছি। শিশুগুলো যদি টাকা চুরির সঙ্গে জড়িতও থাকে, তবু তাদের এভাবে নির্যাতন করা অপরাধ। শিশুকে নির্যাতনের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’