চট্টগ্রামে দুই স্কুলের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরের আমতল এলাকায় দুটি বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন।
আমতল এলাকায় পাশাপাশি অবস্থিত অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়। দুই বিদ্যালয়ের সীমানাপ্রাচীর ঘেঁষে ও ফুটপাত দখল করে গড়ে ওঠে দোকানপাট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন বলেন, দুই বিদ্যালয়ের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার জন্য বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের যাতায়াতে সমস্যা হচ্ছিল। উচ্ছেদ করা স্থাপনাগুলো পুনরায় যাতে বসতে না পারে, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।
এদিকে ট্রেড লাইসেন্স দেখাতে না পারায় এবং নবায়ন না করায় শাহ আমানত মার্কেটের নিপ্পন ইলেকট্রনিকস ও নিউ সনি ইলেকট্রনিকসকে দুই হাজার করে মোট চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।