চট্টগ্রামে দুজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গত বৃহস্পতিবার রাতে সেলুনের এক কর্মচারী এবং একটি রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ৫০০ গজ দূরত্বে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—মো. মোমিন (২৫) ও মো. রফিক (৫০)।
নগরের কোতোয়ালি থানা এলাকার আলকরণ রোডের জনি হেয়ার কাটিং সেলুনের মালিক অনিল শীল প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবির নামের স্থানীয় এক যুবক বৃহস্পতিবার রাতে তাঁর সেলুনে শেভ করাতে আসেন। দোকানের কর্মচারী মো. মোমিন তাঁর দাড়ি কাটেন। কাজ শেষে হুমায়ুন ৩০ টাকা দেন। এ সময় মোমিন ৪০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুনের পরিচিত বেশ কয়েকজন এসে মোমিনকে মারধর করতে থাকে। সোহেল নামের এক ব্যক্তি মোমিনের পিঠে, হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় মোমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আলকরণ থেকে ৫০০ গজ দূরে নিউমার্কেট মোড়ে হান্নান আল ফয়েজ রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক মো. রফিককে কুপিয়ে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।