চট্টগ্রামে দুজনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে গত বৃহস্পতিবার রাতে সেলুনের এক কর্মচারী এবং একটি রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ৫০০ গজ দূরত্বে এই দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মো. মোমিন (২৫) ও মো. রফিক (৫০)।

নগরের কোতোয়ালি থানা এলাকার আলকরণ রোডের জনি হেয়ার কাটিং সেলুনের মালিক অনিল শীল প্রথম আলোকে বলেন, হুমায়ুন কবির নামের স্থানীয় এক যুবক বৃহস্পতিবার রাতে তাঁর সেলুনে শেভ করাতে আসেন। দোকানের কর্মচারী মো. মোমিন তাঁর দাড়ি কাটেন। কাজ শেষে হুমায়ুন ৩০ টাকা দেন। এ সময় মোমিন ৪০ টাকা দাবি করলে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুনের পরিচিত বেশ কয়েকজন এসে মোমিনকে মারধর করতে থাকে। এ সময় সোহেল নামের এক ব্যক্তি মোমিনের পিঠে, হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় মোমিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

অনিল শীল বলেন, সপ্তাহ খানেক আগে মোমিন তাঁর সেলুনে কাজ নেন। জাতীয় পরিচয়পত্র চাওয়া হলেও তিনি দেননি। এ জন্য মোমিনের ঠিকানা তাঁর জানা নেই।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ প্রথম আলোকে বলেন, মাত্র ১০ টাকার জন্য মোমিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জসীম নামের এক যুবককে আটক করা হয়েছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল মোস্তফা আটক জসীমসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

আটক জসীমের খালু তৌফিকুল ইসলাম দাবি করেন, জসীম ঘটনার সঙ্গে জড়িত নয়।

পুলিশ জানায়, মোমিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর ঠিকানা খোঁজা হচ্ছে।

গতকাল দুপুরে হাসপাতালের মর্গে গিয়ে মোমিনের কোনো স্বজনকে পাওয়া যায়নি।

এদিকে আলকরণ থেকে ৫০০ গজ দূরে নিউমার্কেট মোড়ে হান্নান আল ফয়েজ রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক মো. রফিককে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছেন রেস্তোরাঁর কর্মচারী মো. আনোয়ার (১৮)। তিনি বর্তমানে অচেতন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ বলেন, আনোয়ারের জ্ঞান ফিরলে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে। তিনি জানান, প্রাথমিকভাবে রেস্তোরাঁর পলাতক কর্মচারী স্বপন ত্রিপুরাকে সন্দেহ করা হচ্ছে। তাঁকে আসামি করে নিহত ব্যক্তির বড় ভাই মো. হারুন কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন।

হোটেল হান্নান আল ফয়েজ রেস্তোরাঁর মালিক বজলুল কবির প্রথম আলোকে বলেন, ‘স্বপন ত্রিপুরা ১০ দিন আগে রেস্তোরাঁয় চাকরি নেন। দোতলা রেস্তোরাঁর নিচ তলায় রফিক ও এক কর্মচারী থাকতেন। বাকি কর্মচারীরা দূরে আলাদা কক্ষে থাকতেন। শুনেছি গরমের কারণে কর্মচারী স্বপন ত্রিপুরা বৃহস্পতিবার রাতে রফিকের সঙ্গে ঘুমান। তিনি রফিককে খুন করে হোটেলের দ্বিতীয় তলার কাচ খুলে লাফ দিয়ে পালিয়ে যান। ওই সময় শব্দ শুনে ভবনের চতুর্থ তলায় থাকা রেস্তোরাঁর ব্যবস্থাপক আমাকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ পড়ে থাকতে দেখে।’ তিনি বলেন, দোকানে থাকা ৪৫ হাজার টাকা খোয়া গেছে।

নিহত রফিকের বড় ভাই মো. হারুন প্রথম আলোকে জানান, রফিক চার কন্যাসন্তানের জনক। তিনি জানান, ময়নাতদন্ত শেষে রফিকের লাশ আনোয়ারার তৈলারদ্বীপের গ্রামের বাড়িতে নেওয়া হবে।

গতকাল সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডির চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক আমিনুর রশিদ জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে।