চট্টগ্রামে দুটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৫
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার ভোরে বায়েজিদ এলাকায় এবং সোমবার রাতে কর্ণফুলী থানা এলাকায় এই দুটি অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার অলক বিশ্বাসের নেতৃত্বে গতকাল ভোরে নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপোন মৃদ্ধার পাড়া এলাকার একটি গ্যারেজে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি চোরাই ‘ডিসকভার’ মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আটক করা হয় মো. মামুন (২৮) নামের এক যুবককে। তাঁর বাড়ি বোয়ালখালী। মামুন পুলিশকে জানান, গ্যারেজটি জসীম নামের এক ব্যক্তির।
এদিকে গোয়েন্দা পুলিশ পরিদর্শক মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে কর্ণফুলী থানাধীন নতুন ব্রিজ টোল প্লাজা কার্যালয় এলাকায় সোমবার রাতে পৃথক অভিযান চালানো হয়। সেখানে থেকে আরেকটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও চারজনকে আটক করে পুলিশ। তাঁরা হলেন চকরিয়ার মো. মিরাজ সরকার (৩৮), আনোয়ারার আবদুর রহিম (৩০), নুরুল আবছার (৩২) ও মো. ওসমান (২৮)।
নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (বন্দর) মো. মারুফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।