চট্টগ্রামে দুটি ফার্মেসিকে জরিমানা, ওষুধ জব্দ
ফিজিশিয়ান স্যাম্পল, ফুড সাপ্লিমেন্ট ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরে দুটি দোকানকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে এসব দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।
এ ছাড়া ফুটপাতে অনুমোদনহীন ওষুধ বিক্রির সাতটি ভাসমান দোকানও উচ্ছেদ করা হয়েছে। আজ শনিবার নগরের লালখান বাজার এলাকা ও নন্দনকানন শহীদ মিনার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। প্রথম আলোকে তিনি বলেন, ফিজিশিয়ান স্যাম্পল, ফুড সাপ্লিমেন্ট ও ভারতীয় ওষুধ বিক্রির দায়ে লালখান বাজার এলাকার পপুলার ফার্মেসিকে ৫০ হাজার ও মাঝুরি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নগরের শহীদ মিনার এলাকায় ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে ওষুধের জমজমাট ব্যবসা হচ্ছিল। তাঁরাই চিকিৎসক, তাঁরাই বিক্রেতা। নিম্নবিত্ত মানুষ এসব ওষুধ কিনে প্রতারিত হচ্ছেন। এসব ওষুধের কোনো গুণাগুণ নেই। দাঁত ব্যথা থেকে শুরু করে যৌনরোগেরও চিকিৎসার নামে এসব ওষুধ বিক্রি হয়।
মোহাম্মদ রুহুল আমীন আরও বলেন, অভিযান শুরুর সঙ্গে সঙ্গেই এসব ভাসমান দোকানের বিক্রেতারা পালিয়ে যান। এ জন্য কাউকে আটক করা যায়নি। তবে সবগুলো দোকান উচ্ছেদ করে শহীদ মিনার থেকে থিয়েটার ইনস্টিটিউট পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করা হয়েছে।