চট্টগ্রামে দুটি বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মাত্র ১০ মিনিটের ব্যবধানে নগরের ইপিজেড মোড় ও বহদ্দারহাট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত ৮টা ২০ মিনিটে নগরের ইপিজেড মোড়ে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা একটি বাসে আগুন দেয়। আগুন দেওয়ার বিষয়টি টের পেয়ে যাত্রীরা সবাই বাস থেকে নেমে যান। তাই এতে হতাহতের ঘটনা ঘটেনি।

ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, ইপিজেড স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এদিকে ওই ঘটনার ১০ মিনিট পর রাত সাড়ে আটটার দিকে বহদ্দারহাটের এশিয়ান হাউজিং সোসাইটির সামনে একটি বাসে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেট্রলবোমায় বাসে আগুন ধরে যায়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেওয়ার আগে ও পরে ওই এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃত্তরা।

বাসটির চালকের সহকারী দিদারুল আলম জানান, বাসটি মেরামতের জন্য বহদ্দারহাটে আনা হচ্ছিল। উড়ালসড়কের নিচে এশিয়ান হাউজিং সোসাইটির সামনে এলে বাসের স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় পাশের রওশন বোর্ডিং গলি থেকে ১০ থেকে ১২ জন যুবক ককটেলের বিস্ফোরণ ঘটাতে ঘটাতে এসে বাসে পেট্রলবোমা দিয়ে আগুন দেয়। পরে তারা আবারও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ উড়ালসড়কের ওপর থেকে কয়েকটি গুলি ছোড়ে।