চট্টগ্রামে ধর্ষণের অভিযোগে 'মার্কিন নাগরিকের' মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় মামলা করেছেন এক নারী। তিনি নিজেকে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে দাবি করেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন গত রাতে প্রথম আলোকে বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকার নাগরিক দাবি করে এক নারী ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন। মামলায় মো. কামরুজ্জামান নামের খুলশীর এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। ওই নারীর দাবি, গত ২৫ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। পরদিন চট্টগ্রামে এসে তাঁর এক পরিচিত ব্যক্তির মাধ্যমে স্টেশন রোড এলাকার একটি হোটেলে ওঠেন। তাঁর দাবি, হোটেলে তিনি ধর্ষণের শিকার হন। গত শনিবার তিনি কৌশলে হোটেল থেকে বেরিয়ে আসেন।
ওসি জসীম উদ্দিন বলেন, নিজেকে মার্কিন নাগরিক দাবি করলেও ওই নারী পাসপোর্ট বা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। অভিযুক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ ঠিকানা দিতে পারেননি তিনি।
ওসি বলেন, প্রাথমিকভাবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই নারী এক মাসে আগে নগরের কয়েকটি থানায় ধর্ষণের মামলা করতে যান। তাঁর পরিচয় বের করার চেষ্টা চলছে। শারীরিক পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে তাঁকে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ওই নারী মার্কিন নাগরিক কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।