চট্টগ্রামে নওগাঁর বিচারকের মৃত্যু, দুই নারী আটক
চট্টগ্রামে কাজী আবদুল হাসিব মোহাম্মদ সাঈদ (৪৭) নামের এক বিচারকের মৃত্যু হয়েছে। তাঁর গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সানজিদা আক্তার ও লাকী আক্তার নামের দুই নারীকে আটক করা হয়েছে।
কাজী আবদুল হাসিব নওগাঁয় অতিরিক্ত জেলা জজ হিসেবে কর্মরত আছেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রামেও দায়িত্ব পালন করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নগরের হালিশহরের মোল্লাপাড়ার একটি বাসা থেকে দুই নারী বিচারক কাজী আবদুল হাসিবকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। ওই দুই নারী দাবি করেন, তিনি আত্মহত্যা করেছেন। তাঁদের কথাবার্তায় অসংগতি ও আচরণ সন্দেহজনক হওয়ায় দুজনকে আটক করা হয়। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি রহস্যজনক মৃত্যু। গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, আত্মহত্যা করেছেন বলে দুই নারী এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় দুজনকে আটক করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, বিচারক হাসিবের মাথায় ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
তবে আটক দুই নারী প্রথম আলোর কাছে দাবি করেন, গত জুনে সানজিদা আক্তারকে বিয়ে করেন ওই বিচারক। শুক্রবার নগরের হালিশহরের মোল্লাপাড়ায় তাঁদের বাসায় আসেন তিনি। বাসায় আত্মহত্যা করেছেন বুঝতে পেরে দুজন মিলে দ্রুত তাঁকে হাসপাতালে আনেন।
পুলিশ ওই দুই নারীকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে না দেওয়ায় বিচারকের আত্মহত্যার বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
হাসপাতালে বিচারক আবদুল হাসিবের পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে সহকর্মীর মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে আসেন চট্টগ্রাম আদালতে কর্মরত বিচারকেরা। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীও আসেন হাসপাতালে।
বিচারকেরা প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুই নারী বিচারক আবদুল হাসিবকে হত্যা করেন। তিনি পরিবার নিয়ে নওগাঁয় থাকেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর বাইরে তিনি কাউকে বিয়ে করেছেন বলে তাঁরা শোনেননি।