চট্টগ্রামে নর্দমা থেকে যুবকের দগ্ধ লাশ উদ্ধার
চট্টগ্রামের নর্দমার ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের শরীর দগ্ধ ও তাঁর চোখ ওপড়ানো ছিল। আজ শনিবার সকালে খুলশী থানাধীন আমবাগান এলাকায় রেলওয়ে ক্যানটিন গেটসংলগ্ন নর্দমা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ধারণা করছে, অন্য কোথাও হত্যা করে নর্দমার ভেতর ফেলে লাশে আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রেলওয়ে ক্যানটিন গেটসংলগ্ন মাঠে শিশুরা ফুটবল খেলছিল। বেলা ১১টার দিকে একজন নর্দমায় পড়ে যাওয়া বল কুড়াতে গিয়ে লাশটি দেখতে পায়। এরপর এলাকাবাসী পুলিশকে খবর দিলে দুপুর ১২টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশটি নর্দমায় স্ল্যাব দিয়ে ঢাকা ছিল।
লাশের সুরতহাল করা উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান জানান, লাশের পেটের ওপর দুই হাত ছিল। মাথা ছিল ডান দিকে ফেরানো। লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বিশেষ করে চেহারা বিকৃত হয়ে গেছে। চোখ দুটি ওপড়ানো। আগুনে গায়ে থাকা জামাটি পুড়ে গেলেও পিঠের নিচের অংশটি অক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবকের পা দুটি নাইলন রশি দিয়ে বাঁধা ছিল। রশি পুড়তে পুড়তে পায়ের গোড়ালি দুটির হাড় বেরিয়ে গেছে।