চট্টগ্রামে নারী আইনজীবীকে মারধর করলেন স্বেচ্ছাসেবক লীগের নেতা
উত্ত্যক্তের প্রতিবাদ করায় চট্টগ্রাম নগরে শিক্ষানবিশ এক নারী আইনজীবীকে মারধর করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের প্রবেশ পথে এ ঘটনা ঘটে। অভিযোগ ওঠা এস এম সোলায়মান চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য। ঘটনার পরপরই অন্য আইনজীবীরা এবং আশপাশের লোকজন তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য গতকাল বিকেলে আদালত ভবনে এসেছিলেন শিক্ষানবিশ ওই নারী আইনজীবী। আদালত ভবনের পাশে জেলা নিবন্ধন কার্যালয়ের সামনে সোলায়মান নামের ওই ব্যক্তি তাঁকে ধাক্কা দেন। আইনজীবী এ ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে কিলঘুষি মারতে থাকেন সোলায়মান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সোলায়মানকে ধরে ফেলেন।
এ ঘটনায় আইনজীবীর স্বামী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, আসামি সোলায়মানকে কাল (আজ) আদালতে হাজির করা হবে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।
চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া প্রথম আলোকে বলেন, আহত আইনজীবীর নাকের হাড় ফেটে গেছে।
নারী আইনজীবীকে মারধর করার বিষয়ে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ এইচ এম জিয়াউদ্দিন প্রথম আলোকে বলেন, এক নারী আইনজীবীর সঙ্গে সোলায়মানের বাগ্বিতণ্ডা হয়। এ সময় ওই আইনজীবী সোলায়মানকে চড় মারেন বলে দাবি করেন তিনি। এতে বাধা দিতে গেলে সোলায়মানের হাত তাঁর নাকের ওপর লাগে।
এদিকে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় এক নারী পোশাকশ্রমিককে রাস্তায় আটকে ছুরিকাঘাত করে এক বখাটে। এ ঘটনায় গতকাল বিকেলে মামলা করেন ওই নারী।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বখাটে রুবেল পলাতক। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।