চট্টগ্রামে নারী কনস্টেবলকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের এক নারী কনস্টেবলকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম নাইম উদ্দিন (১৮)। গত রোববার বিকেলে নগরের ইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে মামলা করেছেন ওই কনস্টেবল।
গতকাল সোমবার বিকেলে আসামি নাইম উদ্দিনকে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদের আদালতে হাজির করা হয় বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। তিনি বলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার গতকাল সন্ধ্যায় মুঠোফানে প্রথম আলোকে বলেন, দামপাড়া পুলিশ লাইন থেকে গত রোববার দায়িত্ব পালনের জন্য ওই নারী পুলিশ কনস্টেবলসহ পুলিশের সদস্যরা নৌবাহিনীর ঈশা খাঁ ঘাঁটিতে যান। বিকেল সাড়ে চারটার দিকে দায়িত্ব শেষ করে ঘাঁটির ভেতর একটি ডাইনিংয়ে দুই নারী কনস্টেবল (বাহিনীর পোশাকের পরিবর্তে সাধারণ পোশাকে) গাড়ির অপেক্ষায় ছিলেন। তাঁদের একজন শৌচাগারে গেলে ডাইনিংয়ের মেস বয় ধর্ষণের চেষ্টা করেন। অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কনেস্টবলকে উদ্ধার করেন। এ সময় মেস বয়কেও হাতেনাতে ধরা হয়।