চট্টগ্রামে নারীসহ খুন ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক নারীসহ দুজনকে খুন করা হয়েছে। তারা হলেন—মাকসুদুর রহমান (৩৫) ও আসমা আক্তার (২৫)। আজ মঙ্গলবার রাত ৯টার দিকে নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এয়াকুব নগর এলাকায় একটি বস্তিতে এ ঘটনা ঘটে।

মাকসুদুর সম্পর্কে আসমার খালু শ্বশুর। নিহত দুজনের মধ্যে ‘পরকীয়া’ সম্পর্কের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে দাবি পুলিশের। তবে মাকসুদের ভাই বলেছে, কোন পরকীয়া সম্পর্ক ছিল না।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত দুজনের মধ্যে পরকীয়া সম্পর্কের সন্দেহে আসমার স্বামী মো. হৃদয় প্রথমে তাকে গলাটিপে হত্যা করে পরে মাকসুদুর রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হৃদয় দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী ছিলেন। দুই মাস আগে তিনি দেশে ফিরে এসে জানতে পারেন তার স্ত্রীর সঙ্গে খালুর পরকীয়ার সম্পর্ক রয়েছে। এর জের ধরে মঙ্গলবার রাতে প্রথমে স্ত্রীকে গলাটিপে হত্যা করে। পরে বাসার পাশে একটি চা-দোকানের সামনে মাকসুদুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, রাতে ফিরিঙ্গিবাজার থেকে এক নারীসহ দুজনকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, পলাতক হৃদয়ের বাড়ি হবিগঞ্জে। তিনি মালয়েশিয়া যাওয়ার আগে তার স্ত্রীকে খালু মাকসুদুরের বাসায় রেখে যান। নিহতের এলাকায় একটি ফোন-ফ্যাক্সের দোকান রয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে হাসপাতাল মর্গের সামনে নিহত মাকসুদের বড় ভাই আলী হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই মাকসুদুর রহমানের সঙ্গে আসমার পরকীয়ার সম্পর্ক ছিল না।