চট্টগ্রামে নিজ দোকান থেকে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ তাঁর নিজের দোকান থেকে উদ্ধার করা হয়েছে। নগরের জলসা মার্কেটের তৃতীয় তলায় ‘বিসমিল্লাহ কফি হাউস’ নামের একটি দোকান চালাতেন তিনি। শাহজালাল ফরহাদ (২২) নামের ওই ব্যবসায়ী বছর খানেক আগে দোকানটি ভাড়া নেন। রাতে দোকানেই থাকতেন তিনি।
গত শুক্রবার রাত থেকে ফরহাদের মুঠোফোন বন্ধ ছিল। যে কারণে বড় ভাইয়ের খোঁজে গতকাল রোববার সকালে ওই দোকানে যান রায়হান উদ্দিন। দোকান বন্ধ দেখতে পেয়ে বোনের বাসা থেকে বিকল্প চাবি এনে দোকান খোলেন তিনি। ভেতরে ভাইয়ের বস্তাবন্দী লাশ পড়ে থাকতে দেখে আশপাশের ব্যবসায়ীদের চিৎকার করে এ ঘটনাটি জানান। পরে ব্যবসায়ীরা পুলিশকে খবর দেন। নিহত ফরহাদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।
এর আগে গত ২ জুন রাতে জলসা মার্কেট থেকে ১০০ গজ দূরে হান্নান আল ফয়েজ নামের একটি রেস্তোরাঁ থেকে আরও একজনের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মো. রফিক ওই রেস্তোরাঁর সহকারী ব্যবস্থাপক ছিলেন। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।
গতকাল সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানের পেছনের অংশে বস্তা ও পলিথিনের মধ্যে লাশ পড়ে আছে। ঘটনাস্থলে থাকা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মিতশ্রী বড়ুয়া প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির মাথার পেছনের অংশ থেঁতলানো। বুকে ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ফুল গেছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে তাঁকে দোকানের ভেতর মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। দোকানে মদের বোতলও (খাওয়ার পর ফেলে দেওয়া) পাওয়া গেছে। জিনিসপত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
ফরহাদের দোকানে গত শনিবার সকালে বেকারি পণ্য দিয়ে যান মো. পারভেজ নামের এক ব্যক্তি। তিনি বিভিন্ন খাবারের দোকানে বেকারি পণ্য সরবরাহ করেন। ফরহাদ নিহত হওয়ার খবর শুনে গতকাল সকালে ঘটনাস্থলে যান তিনি। সেখানে প্রথম আলোকে তিনি বলেন, শনিবার সকাল নয়টায় দোকানে পণ্য সরবরাহ করতে এসে দেখেন ফরহাদ নেই। তখন দোকানে ফরহাদের বন্ধু মাসুদ ছিল। তাঁর কাছেই পণ্য বুঝিয়ে দিয়ে যান তিনি। ১০-১৫ মিনিট পরে আবার ফিরে এসে দেখেন দোকানটি বন্ধ। এরপর ফরহাদের মুঠোফোনে কল দেন তিনি। কিন্তু মুঠোফোন বন্ধ পান।
নিহত ফরহাদের ছোট ভাই রায়হান উদ্দিন বলেন, কী কারণে তাঁর ভাইকে খুন করা হয়েছে তা বুঝতে পারছেন না। তাঁর ভাইয়ের সঙ্গে কারও শত্রুতা নেই। তাঁদের পরিচিত মাসুদ নামের এক ব্যক্তি মাঝেমধ্যে তাঁর ভাইয়ের দোকানে বসতেন। তিনি চাকরি নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নুর আহমদ বললেন, প্রাথমিকভাবে নিহত ফরহাদের বন্ধু মাসুদকে সন্দেহ করছেন তাঁরা। তাঁকে আটক করতে অভিযান চলছে। কী কারণে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফরহাদের লাশ উদ্ধারের পর জলসা মার্কেটের তৃতীয় তলার বেশির ভাগ দোকান গতকাল বন্ধ ছিল। এখানকার বেশির ভাগ দোকান গুদাম হিসেবে ব্যবহার হয় বলে ব্যবসায়ীরা জানান।