চট্টগ্রামে নিজ বাসা থেকে পোশাককর্মীর লাশ উদ্ধার
চট্টগ্রামে নিজ বাসা থেকে নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রোজিনা খাতুন (২২)। পুলিশ বলছে, রোজিনাকে তাঁর স্বামী মো. রুবেল শ্বাসরোধ করে হত্যা করে দরজায় তালা লাগিয়ে পালিয়ে যান। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নগরের পাহাড়তলী বাজারের পাশে রেলওয়ে স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহম্মেদ খান প্রথম আলোকে বলেন, পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপে কর্মরত রোকেয়া বেগম নামের এক নারীর নামে বাসাটির বরাদ্দ করা হয়েছে। তিনি শামসুন নাহার নামের আরেক নারীকে বাসার দুটি কক্ষ ভাড়া দেন। শামসুন নাহারের কাছ থেকে মো. রুবেল একটি কক্ষ ভাড়া নেন। রুবেল পাহাড়তলী এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে কাজ করেন। দুই মাস আগে তিনি লক্ষ্মীপুরের রামগতির মো. হারুনের মেয়ে রোজিনাকে বিয়ে করেন।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে রোজিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।