চট্টগ্রামে নিজের কার্যালয়ে পরিবহন ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম শহরেও ব্যবসায়িক কার্যালয়ে খুনের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বিকেলে নগরের কদমতলী এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে খুন হন এক পরিবহন ব্যবসায়ী। তাঁর নাম হারুনুর রশিদ চৌধুরী (৩৩)। তাঁর চাচা চট্টগ্রাম নগর বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরী। হারুন নিজেও যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী আরেক পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ মিলন প্রথম আলোকে বলেন, কদমতলী মোড়ে গতকাল আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেন। এই কর্মসূচি বেলা ১১টায় হওয়ার কথা শুনেছিলেন তাঁরা। কিন্তু বেলা ৩টায় শোভাযাত্রা শুরু হয়। সমাবেশ শেষে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হারুনের কদমতলীর ব্যবসায়িক কার্যালয়ে কয়েকজন যুবক প্রবেশ করে। তাদের সংখ্যা সাত-আটজন ছিল। এদের একজন লোহার পাইপ দিয়ে প্রথমে হারুনের ঘাড়ে আঘাত করে। পরে তাঁর বুকে ও ঘাড়ে গুলি করে সন্ত্রাসীরা চলে যায়। সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস করেনি। সমাবেশস্থল এবং কার্যালয়ের দূরত্ব ৩০ গজের মধ্যে।

মিলন এই হত্যাকাণ্ডের জন্য সিআরবি এলাকায় জোড়া খুনের আসামি ও ছাত্রলীগের এক সাবেক নেতা এবং স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীদের দায়ী করেন। তিনি বলেন, আওয়ামী লীগের এই আনন্দ কর্মসূচিতে তিনজন ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। একজন কাউন্সিলর সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর লোকজন খুনের সঙ্গে জড়িত থাকতে পারে। হারুনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম ‘এসটি ট্রান্সপোর্ট’। এই সংস্থার অধীনে ৬৫-৭০টি ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। এই হত্যাকাণ্ডের জন্য চট্টগ্রাম নগর বিএনপির নেতারা আওয়ামী লীগের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ দায়ী করেছেন।

চট্টগ্রামের এই ঘটনার আগে গত ১৪ নভেম্বর রাতে রাজধানীর বনানীতে মুখোশধারী দুর্বৃত্তরা জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মালিককে তাঁর ব্যবসায়িক কার্যালয়ে গুলি করে হত্যা করে।

অভিযোগের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক (পরে বহিষ্কৃত) সাইফুল আলম প্রথম আলোকে বলেন, কদমতলীর কর্মসূচিতে অতিথি হিসেবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এ কারণে সেখানে তিনি যান। এই খুনের সঙ্গে শোভাযাত্রার কোনো যোগসূত্র নেই।

সন্ধ্যায় হারুনুর রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেন। সেখানে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন অভিযোগ করেন, শোভাযাত্রা থেকে বেরিয়ে সন্ত্রাসীরা হারুনকে গুলি করে হত্যা করেছে।

আর নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমের দাবি, এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকায় চিহ্নিত সন্ত্রাসীরা হারুনকে হত্যা করেছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আক্তার বলেন, খুনিরা আনন্দ শোভাযাত্রার সময়টি বেছে নেয়। কিন্তু শোভাযাত্রার সঙ্গে খুনের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

পরিবারের সদস্যরা বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলেছিলেন হারুনুর রশীদ। এতে অনেকে তাঁর ওপর ক্ষিপ্ত হয়।

হারুনের মেজ ভাই হুমায়ুন চৌধুরী বলেন, হারুনের বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তিন ভাইয়ের মধ্যে হারুন সবার ছোট। গত ১ অক্টোবর তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরী মারা যান।