চট্টগ্রামে নয়টি ওষুধের দোকানকে জরিমানা, তিনটি সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চট্টগ্রাম নগরের নয়টি দোকানকে ৫৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নগরের দেওয়ান বাজার, এনায়েত বাজার ও বাকলিয়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনটি ওষুধের দোকান সিলগালা করে দেওয়া হয়।
গতকাল বুধবার চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান চালান।
মোহাম্মদ রুহুল আমীন বলেন, ড্রাগ লাইসেন্স না থাকায় দেওয়ান বাজার ডিসি রোডের মেসার্স চৌধুরী মেডিকেল, এনায়েত বাজার বাটালী রোডের মেসার্স সেবা মেডিকো ও মেসার্স ইউনিভার্সেল মেডিসিন নামের তিনটি দোকান সিলগালা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই তিন দোকানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এনায়েত বাজার এলাকার মেসার্স হোয়াইট হর্স ফার্মা লিমিটেড ডিপোকে ২০ হাজার টাকা, মেসার্স আলো মেডিকোকে পাঁচ হাজার টাকা, মেসার্স আর এন মেডিকোকে পাঁচ হাজার, দেওয়ান বাজার এলাকার মেসার্স মতিয়ার রহমান মেডিকেল স্টোরকে পাঁচ হাজার, এস এম ড্রাগ হাউসকে পাঁচ হাজার ও বাকলিয়া ডিসি রোডের মেসার্স কিউ এস ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।