চট্টগ্রামে পাঁচ ওষুধের দোকানকে জরিমানা
সরকারি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করা ও লাইসেন্স না থাকার দায়ে চট্টগ্রামে পাঁচটি ওষুধের দোকানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন ভারতীয় ওষুধ, ভায়াগ্রা ও খোলাবাজারে বিক্রি নিষিদ্ধ সরকারি ওষুধও জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে নগরের গোয়ালপাড়া ও কদমতলী মোড়ে এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন চট্টগ্রামের ওষুধ তত্ত্বাবধায়ক মুহসীনিন মাহবুব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমীন বলেন, গোয়ালপাড়ায় দুটো দোকানে অভিযান চালাতে না-চালাতেই আশপাশের বাকি দোকানগুলো বন্ধ করে দেন বিক্রেতারা। এরপর কদমতলীতে অভিযান চালানো শুরু হলেও সেখানে একই চিত্র দেখা যায়। সরকারি ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির পাশাপাশি নোংরা পরিবেশে ওষুধ সংরক্ষণ করা হচ্ছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, গোয়ালপাড়ার তুহিন ফার্মেসিকে ১০ হাজার টাকা, ডি এন মেডিকোকে ১০ হাজার টাকা, কদমতলী মোড়ের গোলাপ ফার্মেসিকে ১০ হাজার টাকা, নুসরাত মেডিকেল হলকে ১০ হাজার টাকা ও নিউ শফি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।