চট্টগ্রামে পাঁচ টন ভেজাল ঘি জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ টন ভেজাল ঘি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার গতকাল বৃহস্পতিবার চাক্তাইয়ের খুইল্যামিয়া মার্কেটে এই অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘খবর পেয়ে আমরা ঘি তৈরির কারখানাটিতে অভিযান চালাই। ওই সময় সেখানে কেউ ছিলেন না। কারখানা থেকে কৌটায় ভরা পাঁচ টন ঘি জব্দ করা হয়েছে। ঘি তৈরির উপকরণও আমরা জব্দ করেছি।’ তিনি জানান, কারখানায় বিপুল পরিমাণে আঠা, ডালডা, ঘিয়ের কৃত্রিম গন্ধ ও রং পাওয়া গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কারখানাটির লাইসেন্স নেই। ঘিয়ের কৌটায় সিরাজগঞ্জের ঠিকানা লেখা ‘বাঘাবাড়ির ঘি’ লেবেল ব্যবহার করা হয়েছে। তিনি জানান, কারখানাটি ইবরাহিম নামের এক ব্যক্তির বলে জানা গেছে। এটি সিলগালা করে দেওয়া হয়েছে।