বেশি দামে পণ্য বিক্রি, পচা মাছ-মাংসসহ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে চট্টগ্রাম নগরের পাঁচটি সুপার শপকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আরও ২৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা এবং একটি আড়ত থেকে ২৮৫ কেজি সবজি জব্দ করা হয়।
গতকাল শুক্রবার পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, মো. ফোরকান এলাহী অনুপম, মো. আনিসুল ইসলাম ও সাব্বির রহমান।
জরিমানা করা সুপার শপগুলো হচ্ছে প্রবর্তক এলাকার আগোরা, ষোলশহর এলাকার মীনাবাজার, গোলপাহাড় মোড়ের স্বপ্ন, খুলশী এলাকার দি গ্রোসার ও খুলশী মার্ট। এই পাঁচ সুপার শপে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি বলেন, রিয়াজুদ্দিন পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৫ টাকা। অথচ সুপার শপগুলোতে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ৬৫-৮০ টাকায়। এ ছাড়া ছোলা, চিনিসহ অন্যান্য কাঁচা পণ্যও অনেক বেশি দামে বিক্রি হচ্ছিল। দি গ্রোসার সুপার শপে পচা-বাসি মাছ-মাংস পাওয়া গেছে। এসব কারণে প্রতিটি সুপার শপকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে নগরের ফ্রিপোর্ট ও ফইল্যাতলী বাজারে পৃথক অভিযান চালিয়ে ১২টি প্রতিষ্ঠানকে মোট এক লাখ সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত পাইকারি মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় ফ্রিপোর্ট বাজারের একটি আড়ত থেকে ২৮৫ কেজি সবজি জব্দ করা হয়। আতুরারডিপো এলাকায় মূল্যতালিকা না টাঙানোয় ১৩টি প্রতিষ্ঠানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।