চট্টগ্রাম নগরে পাচারের সময় ১৫৫ মেট্রিকটন সরকারি চাল জব্দ করা হয়েছে। ৭টি ট্রাকে ৩ হাজার ৯৬ বস্তায় ছিল চালগুলো। গত সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নগরের হালিশহর ও সিটি গেট এলাকা থেকে এসব চাল জব্দ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরের হালিশহর খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমা, ট্রাকচালক শামসুল হুদা, তাঁর সহকারী মো. মিজান, মো. শফিউল ও মো. উসমান।
অভিযান পরিচালনাকারী র্যাব-৭ চট্টগ্রামের লে. কমান্ডার আশেকুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন তথে৵র ভিত্তিতে হালিশহর সিএসডি গুদাম এলাকা থেকে সোমবার গভীর রাতে সরকারি চালভর্তি চারটি ট্রাক আটক করা হয়। চালের বস্তাগুলোর ওপর খাদ্য অধিদপ্তর লেখা ছিল। সরকারি গুদাম থেকে এসব চাল বাইরে পাচার করার জন্য ট্রাকে ভর্তি করা হয়। পরে ট্রাকচালকের কাছ থেকে পাওয়া তথে৵র ভিত্তিতে গুদাম এলাকার সরকারি বাসা থেকে হালিশহর খাদ্যগুদামের ব্যবস্থাপক প্রণয়ন চাকমাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে তথ্য পেয়ে নগরের সিটি গেট এলাকায় আরেকটি বেসরকারি গুদামে অভিযান চালানো হয়। সেখান থেকে চালভর্তি আরও তিনটি ট্রাক জব্দ করা হয়।
আশেকুর রহমান আরও বলেন, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে র্যাব কথা বলে নিশ্চিত হয়েছে, উদ্ধার করা চাল সরকারি গুদামের। এগুলো কীভাবে বাইরে পাচার করা হচ্ছে, পেছনে কারা জড়িত, তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হালিশহর খাদ্যগুদামের সহকারী ব্যবস্থাপক ফখরুল আলম পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁর মুঠোফোন খোলা থাকলেও তিনি সাড়া দেননি।