চট্টগ্রামে পানির কারখানাকে জরিমানা
লাইসেন্স নবায়ন না করায় চট্টগ্রামে ‘ডেলকো ইন্টারন্যাশনাল পিওর ড্রিংকিং ওয়াটার’ নামে একটি পানির কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেলে নগরের বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত কারখানাটি বন্ধ রাখারও নির্দেশ দিয়েছেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রথম আলোকে বলেন, পানির এ কারখানাটি বালুছড়া এলাকার হাটহাজারী রোডের আরবি গার্মেন্টস ভবনের নিচতলায়। তাদের নেওয়া বিএসটিআইয়ের লাইসেন্সের মেয়াদ সাড়ে পাঁচ বছর আগে (২০১০ সালে) শেষ হয়ে গেছে। অভিযানের সময় পানির প্ল্যান্টটিও ঠিকমতো কাজ করছিল বলে মনে হয়নি। এ ছাড়া দেখা গেছে, ওয়াসার লাইন থেকে একটি পাইপ সরাসরি কারখানার ভেতরে নেওয়া হয়েছে। এ লাইন থেকেও পানির জারে পানি পূর্ণ করা হয় বলে মনে হয়েছে।
পানির গুণগত মান পরীক্ষা করিয়ে লাইসেন্স নবায়ন করার পর কারখানাটি আবার চালু করা যাবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।