চট্টগ্রামে পাসপোর্ট কার্যালয়ে হামলা আটক ৬
ফরম জমা দেওয়াকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে হামলা চালিয়েছে কয়েকজন তরুণ ও কিশোর। এ ঘটনায় তিন কিশোরসহ ছয়জনকে পুলিশ আটক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল সাড়ে তিনটার পর পাঁচলাইশের কাতলগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে একজন যুবক পাসপোর্টের ফরম জমা দিতে যান। কিন্তু ফরম জমা নেওয়ার সময় ফুরিয়ে যাওয়ায় পাসপোর্ট কার্যালয়ের কর্মীরা তা জমা নিতে অস্বীকৃতি জানান। এ সময় দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাগ্বিতণ্ডার কিছুক্ষণ পর ১০ থেকে ১২ যুবক ও কিশোর কার্যালয়ে হামলা চালায়। হামলাকারীরা কার্যালয়ের নিচতলায় দুটি চেয়ার, দুটি টেবিল ও একটি জানালা ভাঙচুর করে। এ সময় রিপন নামের একজন আনসার সদস্যের ওপর চড়াও হয় হামলাকারীরা।
ঝাড়ুদার সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘১০-১২ জন ছেলে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা “জয় বাংলা” ও “জয় বঙ্গবন্ধু” স্লোগান দেয়। পরে পুলিশ ছয়জনকে ধরে থানায় নিয়ে যায়। হামলাকারীরা ছাত্রলীগের সমর্থক হতে পারে।’
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, ‘পাসপোর্টের ফরম জমা দিতে না পেরে কয়েকজন ছেলে হামলা চালায়। তাদের মধ্যে তিনজন এসএসসি পরীক্ষার্থী। আমরা ছয়জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি।’