চট্টগ্রামে পাহাড় কেটে আবাসন প্লট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় পাহাড় কেটে প্লট তৈরির কাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l সৌরভ দাশ
চট্টগ্রাম নগরের শেরশাহ বাংলাবাজার এলাকায় পাহাড় কেটে প্লট তৈরির কাজ চলছে। ছবিটি সম্প্রতি তোলা l সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকায় তিন একর পরিমাণ পাহাড় ও টিলা কেটে আবাসন প্লট তৈরির অভিযোগ উঠেছে একটি সমিতির বিরুদ্ধে। ‘কল্লোল গৃহনির্মাণ সমিতি’ নামে ওই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হলেও পাহাড় কাটা বন্ধ হয়নি।
পূর্ব নাছিরাবাদ মৌজার এই পাহাড়ি জমিটি (বিএস দাগ নম্বর ২৭৩) ১৯৮৬ সালে জেলা প্রশাসনের কাছ থেকে বন্দোবস্ত পেয়েছিল কল্লোল গৃহনির্মাণ সমিতি। পরে সেটি অবৈধ দখলে চলে যায়। গত বছর জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলমুক্ত করে পুনরায় কল্লোল গৃহনির্মাণ সমিতিকে জায়গাটি বুঝিয়ে দেওয়া হয়। এর পর থেকে কোনো প্রকার অনুমতি না নিয়ে টিলা ও পাহাড় কেটে আবাসন প্লট তৈরির কাজ শুরু করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কল্লোল গৃহনির্মাণ সমিতির সদস্যসংখ্যা ২৯ জন। মো. জুনাব আলী নামের এক সদস্য প্লট তৈরির কাজ তদারক করছেন। জুনাব আলী অবৈধ দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসন বরাবর আবেদন করেন। এরপর সাবেক জেলা প্রশাসক উচ্ছেদের নির্দেশ দেন। গত বছরের ১৭ জুলাই সাবেক জেলা প্রশাসক মো. আবদুল মান্নান উচ্ছেদ নোটিশে স্বাক্ষর করেন।
সরেজমিনে দেখা গেছে, বাংলাবাজার ডেবার পাড় এলাকায় বুরহানি বিএসআরএম জুনিয়র বিদ্যালয়ের পেছনে একটি পাহাড় কেটে অনেকটা সমতল করে ফেলা হয়েছে। সম্প্রতি সেখানে ৩০-৩৫ জন শ্রমিককে পাহাড় কেটে মাটি সমান করার কাজ করতে দেখা যায়। কাটার পাশাপাশি বাঁশ দিয়ে ঘর নির্মাণের কাজ করতেও দেখা গেছে।
সম্প্রতি পাহাড় কাটার সময় পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সেখান থেকে চার শ্রমিককে হাতেনাতে আটক করে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর পাহাড় কাটার অভিযোগে থানায় একটি মামলাও করে।
পরিবেশ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. শহীদুল আলম বলেন, ‘আমরা তাদের বিরুদ্ধে মামলা করেছিলাম। পাহাড় কাটার প্রমাণ পেয়েছি। তাই আমরা মামলা দিয়েছি। মামলার তদন্তে যাদের নাম আসবে, তাদের আসামি করা হবে।’
জানা গেছে, এই ভূমিটি টিলা শ্রেণির। দুই মাস ধরে এই টিলা এবং পাশের পাহাড় কেটে বিশাল অংশ এখন সমতল করে ফেলা হয়েছে। পাহাড় কাটতে কাটতে আস্তে আস্তে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে তারা। প্রথম দিকে পাহাড় কাটার কাজে শতাধিক শ্রমিক অংশ নেন। মামলা হওয়ার পর এখন শ্রমিকের সংখ্যা কমানো হয়েছে।
কল্লোল গৃহনির্মাণ সমিতির সদস্য জুনাব আলী সকাল-বিকেল এই টিলা ও পাহাড় কাটার কাজ তদারক করছেন। পুরো জায়গাটি তিন একর চার শতক বলে তিনি জানান।
অভিযোগ প্রসঙ্গে মো. জুনাব আলী বলেন, ‘যে জায়গায় আমরা কাজ করছি, সেটি আমাদের ৮৬ সালে বন্দোবস্ত দিয়েছে সরকার। ২০১৩ সালে এটি অবৈধ দখল মুক্ত করে এখন আমরা প্লট তৈরি করছি। এখানে কোনো পাহাড় নেই। ছিলও না। উঁচু-নিচু মাটি সমান করেছি কেবল। ডিসি সাহেব ওই জায়গা আমাদের দখলমুক্ত করে দিয়েছেন। সরকার বন্দোবস্ত দিয়েছে প্লট করার জন্য।’
পাহাড় কাটার অভিযোগে মামলা হয়েছে কেন জানতে চাইলে জুনাব আলী প্রথমে অস্বীকার করেন। পরে বলেন, ‘মামলা হতেই পারে। কিন্তু ওই দিন ধরে নিয়ে যাওয়া শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়েছে। অধিদপ্তর থেকে আমরা কোনো অনুমতি নিইনি।’
এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক বলেন, ‘ওই এলাকায় পাহাড় কেটে প্লট তৈরি করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে আমরা যৌথ অভিযান চালিয়ে সেদিন চারজন শ্রমিককে আটক করেছিলাম। যেহেতু শ্রমিক, তাই তাঁদের ছেড়ে দিয়ে সমিতির নামে মামলা করা হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।’