চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার বাসা থেকে অস্ত্র চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার বাসা থেকে পিস্তল ও ১৬টি গুলি চুরি হয়েছে উল্লেখ করে গত বৃহস্পতিবার রাতে নগরের খুলশী থানায় মামলা হয়েছে। ওই পুলিশ কর্মকর্তার নাম হাসান আলী। তিনি নগরের পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই)।
যে সময়ে চুরির ঘটনাটি ঘটেছে, তখন হাসান আলী থানায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্বে অবহেলার কারণে বৃহস্পতিবার রাতেই চট্টগ্রাম নগর পুলিশ কমিশনারের নির্দেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, দায়িত্ব পালনের সময় সরকারি অস্ত্র নিজের কাছে রাখার নিয়ম। এসআই হাসান আলী তা করেননি। অস্ত্র ছাড়া দায়িত্ব পালনের বিষয়টি তিনি কাউকে জানাননি।
পুলিশ সূত্র জানায়, এসআই হাসান আলী পরিবার নিয়ে খুলশী থানা এলাকার আল ফালাহ গলির একটি বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন। গত বুধবার বিকেলে তাঁর স্ত্রী গ্রামের বাড়িতে যান। ওই দিন রাতের পালায় দায়িত্ব ছিল তাঁর। পাঁচলাইশ থানা থেকে বৃহস্পতিবার সকালে বেরিয়ে গেলেও বাসায় যান রাত নয়টায়। বাসায় ফিরে দেখতে পান, দরজার তালা ভাঙা। পরে ভেতরে ঢুকে দেখেন, টেবিলের ড্রয়ারের তালা ভেঙে তাঁর ৭.৬২ বোরের সরকারি পিস্তল, ১৬টি গুলি চুরি হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে হাসান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
খুলশী থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, মামলার এজাহারে হাসান আলী উল্লেখ করেছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত নয়টার মধ্যে চুরির ঘটনা ঘটতে পারে।
ওসি বলেন, অস্ত্র ও গুলির সঙ্গে একটি ল্যাপটপ ও মুঠোফোন চুরি হয়েছে বলে এসআই হাসান আলী এজাহারে উল্লেখ করেছেন। চুরি হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চলছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আবদুল ওয়ারিশ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এসআই হাসান আলী অস্ত্র ও গুলি ছাড়া কীভাবে থানায় দায়িত্ব পালন করতে এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।