চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে পুলিশ কর্মকর্তার পরিবার বলছেন, ঘটনাটি আত্মহত্যা। নিহত আনিয়া রহমান ওরফে সাথীর (২৪) স্বামী চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব উদ্দিন।
গতকাল রোববার ভোরে নগরের মেহেদিবাগের একটি বেসরকারি হাসপাতালে আনিয়া মারা যান। গত শনিবার রাত নয়টার দিকে নগরের লাভ লেইনের বাসা থেকে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দেড় বছর আগে এসআই আফতাব উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক রাজু আহমেদ পরিবারের বরাত দিয়ে বলেন, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিজ শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন আনিয়া। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার সময় আফতাব ঘরে ছিলেন না।
আনিয়ার মরদেহের সুরতহাল করেন কোতোয়ালি থানার এসআই শম্পা হাজারী। সুরতহাল প্রতিবেদনে বলা হয়, কপালের বাঁ পাশে, বাঁ কাঁধে এবং ডান হাতের কবজিতে জখমের চিহ্ন রয়েছে। এ ছাড়া গলায় অর্ধচন্দ্রাকৃতির কালচে দাগ রয়েছে।