চট্টগ্রামে পুলিশ ক্যানটিনে দুর্বৃত্তদের হামলা
বিল নিয়ে বাগ্বিতণ্ডার জেরে চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় জেলা পুলিশ সুপারের কার্যালয়সংলগ্ন পুলিশ ক্যানটিনে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক পুলিশ কর্মকর্তা ও ক্যানটিনের এক কর্মচারী আহত হন। আজ বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরের মির্জাপুল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুজনকে আটক করেছে।
আহতর দুজন হলেন: জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম ও ক্যানটিন কর্মচারী মো. জসিম। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্যানটিনের ব্যবস্থাপক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পুলিশের কাছ থেকে ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে ক্যানটিন পরিচালনা করছেন তিনি। আজ রাত ১০টার দিকে চা-নাশতার বিল নিয়ে সাত-আটজন তরুণের সঙ্গে ক্যানটিনের এক কর্মচারীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তরুণেরা কর্মচারীর দাবি করা বিল দিয়ে বের হয়ে যান। কিন্তু কিছুক্ষণ পরেই ওই তরুণেরা আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ক্যানটিনে ঢুকে ভাঙচুর শুরু করেন। তাঁরা ক্যানটিনের দরজা, চেয়ার, টেবিল, থালা-বাসন ভেঙে ফেলেন। এ সময় হামলায় পুলিশ কর্মকর্তা রফিকুল ও ক্যানটিন কর্মচারী জসিম আহত হন। এরপর হামলাকারীরা ক্যানটিন থেকে বের হয়ে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যান।
আহত রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ভাত খেতে ক্যানটিনে ঢুকছিলাম। কিন্তু হামলাকারীরা আমার দিকে চেয়ার ও ঢিল ছুড়ে মারে। এতে ডান কানের নিচের অংশ কেটে গেছে।’
আজ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ক্যানটিনের দরজা ভাঙা। ক্যানটিনের ভেতরে এলোমেলোভাবে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা চেয়ার-টেবিল। মেঝেতে রক্তের দাগ রয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকিদের ধরতে অভিযান চলছে।