চট্টগ্রামে পুলিশ হেফাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশ হেফাজতে আহমদ ছফা (৪২) নামের এক আসামির মৃত্যু হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় নগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তিনি নগরের দেওয়ানহাট এলাকায় একটি মোটর পার্টসের দোকানে কাজ করেন। 

পুলিশ সূত্র জানায়, ২৪ মে নগরের সিরাজদ্দৌলা রোড এলাকার একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে আহমদ ছফাসহ ছয়জনকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় তাদের বিরুদ্ধে চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে পুলিশ মামলা করে। আহমদ ছফাকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে জিজ্ঞাসাবাদ করতে আজ বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। সেখানে সন্ধ্যায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ দিকে আজ রাত ১০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায় সেখানে গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য দাঁড়িয়ে রয়েছেন। এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি। অপরদিকে নিহত আহমদ ছফার পরিবারের কোনো সদস্যকেও পাওয়া যায়নি। দায়িত্বরত চিকিৎসকেরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. কামরুজ্জামান বলেন, আহমদ ছফা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও যক্ষ্মা রোগে ভুগছিলেন। সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডায়াবেটিস জনিত রোগে তার মৃত্যু হয়েছে জানান চিকিৎসকেরা।