চট্টগ্রামে পুলিশকে মারধর, ছাত্রলীগ নেতাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) মারধর করার অভিযোগে ছাত্রলীগের নেতাসহ দুজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার রাত আটটার দিকে নগরের রূপালী আবাসিক এলাকায় ডিবির এসআই সাদেক মো. নাজমুলকে মারধর করা হয়। তিনি তখন দায়িত্বে ছিলেন না।

আটক দুজন হলেন মনির চৌধুরী ও মোহাম্মদ আরিফ। এর মধ্যে মনির চৌধুরী চট্টগ্রাম নগর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক।

পুলিশকে মারধর করার বিষয়ে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম প্রথম আলোকে বলেন, ‘ওখানে (রূপালী আবাসিক এলাকা) একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে বিস্তারিত কিছু জানি না।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, আটক মনির চৌধুরী ও মোহাম্মদ আরিফ গত রাতে রূপালী আবাসিক এলাকার বাসিন্দা দিদার আলমের বাসায় যান। পুলিশের জিজ্ঞাসাবাদে মনির বলেছেন, দিদার চাকরি দেওয়ার নাম করে তাঁর এক আত্মীয়ের কাছ থেকে টাকা নিয়েছেন। এই টাকা ফেরত নেওয়ার জন্য দিদারের বাসায় যান তাঁরা। তখন উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। মনির তাঁর বন্ধুদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। এর মধ্যে খবর পেয়ে চান্দগাঁও থানার পুলিশের একটি দল সেখানে হাজির হয়। কোনো সমস্যা থাকলে পুলিশ দুই পক্ষকে থানায় অভিযোগ করার জন্য বলে সেখান থেকে চলে আসে।

ওসি বলেন, পুলিশের সঙ্গে কথা শেষে মনির ও তাঁর বন্ধুরা ফেরার পথে দিদারের পক্ষের লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করে। ডাকাত ডাকাত শব্দ শুনে দিদারের বাড়ির পাশের ভবনের বাসিন্দা সাদেক (পুলিশ সদস্য) ছুটে আসেন। তিনি মনিরদের ধরতে চাইলে তাঁকে মারধর করেন তাঁরা। পরে মনির ও আরিফকে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশের আরেকটি দল আটক করে থানায় নিয়ে আসে।