চট্টগ্রামে পুলিশি বাধায় পণ্ড ছাত্রদলের শোভাযাত্রা

পুলিশি বাধার কারণে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের শোভাযাত্রা মাঝপথে পণ্ড হয়ে গেছে। গতকাল শনিবার বিকেলে নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশ তাঁদের বাধা দেয়। একপর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা গাড়িতে ঢিল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন। শোভাযাত্রা শুরু হওয়ার আগে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

দলীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, সমাবেশ শেষ করে মসজিদ প্রাঙ্গণ থেকে ছাত্রদলের তিন শতাধিক নেতা-কর্মী শোভাযাত্রা বের করেন। এটি আলমাস সিনেমা হল হয়ে কাজীর দেউড়ি মোড় অতিক্রম করার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নেতা-কর্মীরা বাধা পেয়ে দুই-তিনটি গাড়িতে ঢিল ছোড়েন। এতে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের কাচ ভেঙে যায়। পরে পুলিশ লাঠিপেটা শুরু করে।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন প্রথম আলোকে বলেন, মিছিল করার বিষয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা অনুমতি নেননি। অনুমতি ছাড়া রাজপথে মিছিল-সমাবেশ নিষিদ্ধ। তাঁরা দলীয় কার্যালয়ের সীমানার মধ্যে এই কর্মসূচি পালন করলে পুলিশ বাধা দিত না। অনুমতি না নিয়ে রাস্তায় মিছিল বের করার কারণে তাঁদের বাধা দেওয়া হয়েছে।
মসজিদ প্রাঙ্গণে সমাবেশ: জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে মীর হেলাল অভিযোগ করেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে সরানোর জন্য আওয়ামী লীগ চক্রান্ত করছে। বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র সফল হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সরওয়ার উদ্দীন। এ সময় চট্টগ্রাম নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসম্পাদক নেছারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।