চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ি শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় এক ট্রাফিক কনস্টেবলকে মারধর ও পুলিশের একটি রেকার ভাঙচুর করেছে পরিবহন শ্রমিকেরা।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে যানজট নিরসনে জন্য একটি ট্রাক সরাতে গেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক মো. আবদুর রশীদসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও হামলার অভিযোগে নগরের সদরঘাট থানায় মামলা হয়েছে।
সূত্র জানায়, সকালে রাস্তার ওপর একটি ট্রাক রাখার কারণে শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট দেখা দেয়। ট্রাফিক পুলিশ এটি রাস্তার ওপর থেকে সরাতে বললেও চালক সরাননি। একপর্যায়ে পুলিশ রেকার নিয়ে এসে ট্রাকটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবহন শ্রমিকেরা বাধা দেন। তখন পুলিশ কনস্টেবল মো. সোহাগকে মারধর করে। এ সময় রেকারের সামনের কাচ ভেঙে ফেলা হয়।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘ট্রাফিক সার্জেন্ট ট্রাকটি সরাতে বললেও চালক সেটি সরাননি। তখন রেকার এনে লাগালে ট্রাকচালক ও আশপাশের দালাল শ্রেণির কিছু লোক এসে পুলিশের ওপর হামলা করে। ঘটনার পর চালকসহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে।’