চট্টগ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ১২ মামলার আসামি গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, গুলিবিদ্ধ নুরউন নবী ওরফে সোহাগ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে তিনটি থানায় হত্যা, চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে নগরের চান্দগাঁও থানার শ্যামলী আবাসিক এলাকার পাশে একটি মাঠে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
তবে নুরউন নবীর মা মাহফুজা আক্তারের দাবি, নগরের বড় দিঘিরপাড় এলাকার বাসা থেকে পুলিশ তাঁর ছেলেকে গতকাল ভোরে ধরে নিয়ে যায়। পরে চান্দগাঁও এলাকায় নিয়ে গুলি করে।
গুলিবিদ্ধ নুরউন নবীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নুরউন নবী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুর ছোট ভাই। টেম্পু কারাগারে গেলে তাঁর বাহিনীর নেতৃত্ব দেন নুরউন নবী। গতকাল সকালে সহযোগীদের নিয়ে নুরউন নবী চান্দগাঁওয়ের শ্যামলী আবাসিক এলাকার পাশে একটি মাঠে অবস্থান করার তথ্য পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার সঙ্গে সঙ্গে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পুলিশ আটটি গুলি করে। একপর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলে ডান পায়ে গুলিবিদ্ধ অবস্থায় নুরউন নবীকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে একটি এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ওসি শাইরুল ইসলাম বলেন, চাঁদা না দেওয়ায় গত ৩ জুন শুলকবহরের টুনু মুন্সির বাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করেন নুরউন নবী ও তাঁর এক সহযোগী। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আসাদুল হক নামের ১২ বছর বয়সী একটি শিশু নিহত হয়। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি নুরউন নবী। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানায় ১২টি মামলা রয়েছে।
গতকাল বিকেলে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, গুলিবিদ্ধ নুরউন নবীর দুই হাঁটুর নিচে ব্যান্ডেজ লাগানো। তাঁর ডান পায়ে গুলি লেগেছে বলে জানান চিকিৎসকেরা। ওয়ার্ডের বারান্দায় কথা হয় তাঁর মা মাহফুজা আক্তারের সঙ্গে। তাঁর দাবি, গতকাল ভোর চারটার দিকে পুলিশ নগরের বড় দিঘিরপাড় এলাকার ভাড়া বাসা থেকে নুরউন নবীকে আটক করে। ছেলের বিরুদ্ধে মামলা থাকার কথা স্বীকার করে তিনি বলেন, ‘অপরাধী হলে আদালত সাজা দেবে। কিন্তু পুলিশ কেন ধরে নিয়ে গুলি করবে?’
তবে বাসা থেকে নুরউন নবীকে আটক করার অভিযোগ অস্বীকার করে ওসি শাইরুল ইসলাম বলেন, ‘মানুষের সহানুভূতির জন্য মিথ্যা কথা বলছে তারা। নুরউন নবীর চাঁদাবাজিতে বহদ্দারহাট ও চান্দগাঁও এলাকার মানুষ অতিষ্ঠ।’