চট্টগ্রামে পূজামণ্ডপে হামলা মামলায় ১৫ আসামি রিমান্ডে
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন ইফতেখার উদ্দিন, তৌহিদুল আলম, খালিদ বিন ওয়ালিদ, সৈয়দ মঈন উদ্দিন, দেলোয়ার হোসেন, মাসুদ পারভেজ, মো. হুমায়ুন, জাবেদুল ইসলাম, মো. রাসেল, নুরুল ইসলাম, মো. সোহাগ, আইয়ুব আলী, আমির হোসেন, খোরশেদ আলম ও ওমর ফারুক।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ১৫ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে কোতোয়ালি থানা-পুলিশ ৭ দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
১৫ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে।
পরে পুলিশ অভিযান চালিয়ে যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ জন নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।