চট্টগ্রামে পৃথক অভিযানে সাড়ে ১২ হাজার ইয়াবা বড়িসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে সাড়ে ১২ হাজার ইয়াবা বড়িসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে আড়াই হাজার ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। দুপুরে ফিশারী ঘাট এলাকা থেকে ১০ হাজার ইয়াবা বড়িসহ আটক করা হয় পিকআপ ভ্যানের এক চালককে।

শাহ আমানত সেতু এলাকা থেকে আটক দুজন হলেন মো. জসিম (২৫) ও সাঈদ আলম (২৪)। দুজনের বাড়িই কক্সবাজারের টেকনাফে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মো. আলী আসলাম হোসেন বলেন, ওই দুজন বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে টেকনাফ থেকে চট্টগ্রামে আসেন। নগরের শাহ আমানত সেতু এলাকায় বাস থেকে নামার পর গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের শরীর তল্লাশি করে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে গতকাল দুপুরে নগরের ফিশারী ঘাট এলাকা থেকে ইয়াবা পাচারের অভিযোগে মো. আবদুল্লাহ নামের পিকআপ ভ্যানের এক চালককে আটক করা হয়েছে।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজার থেকে আসা একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে চালকের সিটের পাশ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা নগরে এনে বিক্রির কথা স্বীকার করেছেন চালক আবদুল্লাহ।