চট্টগ্রামে পেট্রল বোমাসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামে পেট্রলবোমা ও ককটেলসহ টিপু সুলতান ওরফে লিটন (৩৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে নগরের আকবর শাহ থানার কাঁচাবাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টিপু সুলতানের বাসা থেকে ছয়টি পেট্রলবোমা ও চারটি ককটেল উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা আছে।
টিপুর বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। তিনি চট্টগ্রামে একটি বাসায় ভাড়া থাকেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, খবর পেয়ে টিপুর বাসায় অভিযান চালিয়ে পেট্রলবোমা ও ককটেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। নাশকতা সৃষ্টির জন্য এগুলো মজুত করা হয়েছিল।
সূত্র জানায়, মাস খানেক আগে জামিনে মুক্তি পান টিপু। ওসি বলেন, ‘জামিনে বেরিয়ে বিএনপির কয়েকজন লোকের সহায়তায় টিপু নাশকতায় জড়িয়ে পড়েন।’ তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। টিপুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।