চট্টগ্রামে পোশাককর্মী খুন
চট্টগ্রামে ধারালো অস্ত্রের আঘাতে মো. সাগর (২৩) নামের এক পোশাককর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সন্ধ্যায় নগরের ডবলমুরিং থানার পোস্তারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহত সাগরের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। কারা কী কারণে তাঁকে খুন করেছে, তা জানাতে পারেনি নিহত তরুণের পরিবার ও পুলিশ।
সাগরের বাবা শফিয়াল হক প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তাকে কারা মেরেছে জানি না। আমি কার নামে মামলা করব।’ সাগরের গ্রামের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। পরিবারের সঙ্গে নগরের টাইগারপাস এলাকায় থাকতেন তিনি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ খান জানান, নিহত সাগর পোস্তারপাড় এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কাজ শেষে করে সোমবার সন্ধ্যায় কারখানা থেকে বের হওয়ার পর কয়েকজন যুবক তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন। সেখান চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাঁর মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় সহকর্মীদের সঙ্গে দ্বন্দ্বে পূর্বশত্রুতার জেরে তাঁকে খুন করা হতে পারে। থানায় এখনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। কাউকে আটক করা যায়নি।