চট্টগ্রামে পোশাক কর্মীর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসা থেকে আশামনি (২৫) নামের এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নগরের ইপিজেড থানার ওয়াসা গলির একটি বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় আশামনির স্বামী খালেক শাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি পেশায় দিনমজুর।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দাম্পত্য কলহের জেরে গত সোমবার রাতে স্ত্রী আশামনিকে গলায় গামচা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন স্বামী খালেক শাহ। তিনি আত্মসমপর্ণ করতে সকালে নগরের পতেঙ্গায় র‍্যাব-৭ কার্যালয়ে যান। সেখান থেকে তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হলে তিনি বাসায় ফিরে যান। এর মধ্যে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খালেককে আটক করে থানায় নিয়ে আসে। তিনি দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন পুলিশের কাছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আশামনির বাবা লুৎফুর রহমান জামাতা খালেককে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, প্রায় নয় বছর আগে আশামনির সঙ্গে খালেকের বিয়ে হয়। বিভিন্ন সময় খালেক তাঁর মেয়েকে নির্যাতন করতেন। তাঁদের সাত বছর বয়সী একটি মেয়ে আছে। মেয়েটি নেত্রকোনায় নানার বাড়িতে থাকে। আশামনিকে দেখতে এসে তিনি ঘরে লাশ দেখতে পান।