চট্টগ্রামে পোশাক শ্রমিককে ধর্ষণ, দুই যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের উত্তর কূলগাঁও এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন ওসমান গনি (২২) ও নেজাম উদ্দিন (২৫)। দুজনেই উত্তর কূলগাঁও এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বালুছড়া এলাকার একটি পোশাক কারখানার নারী শ্রমিক গত শনিবার রাতে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় গ্রেপ্তার করা ওসমান গনি ওই তরুণীর সহকর্মী।
বায়েজিদ থানার ওসি মো. মহসিন জানান, রাতের পালার কাজ শেষে ওসমান ওই তরুণীসহ ছয় নারী শ্রমিককে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলেন। পাঁচজনকে পৌঁছে দেওয়ার পর ওই তরুণীকে নিয়ে হেঁটে বাসার দিকে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক তাঁদের পথরোধ করেন। পরে ওসমান ওই তরুণীকে বখাটেদের হাতে তুলে দেন বলে মেয়েটি অভিযোগ করেন। ধর্ষণের ঘটনা কাউকে না জানাতেও ওসমান তরুণীকে নিষেধ করেন।
ওসি বলেন, ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে ওই তরুণী থানায় মামলা করেন। মামলায় ওসমানকে ধর্ষণের সহযোগী এবং অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করেন। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।